মেসি বনাম রোনালদো: প্রতিভা বনাম পরিশ্রম, শ্রেষ্ঠত্বের দুই ভিন্ন পথের গল্প
ইতিহাসে এমন যুগ খুব কম এসেছে, যখন একই সময়ে পৃথিবী দুই প্রান্তে দুই ধরনের বিস্ময়ের জন্ম হয়েছে। একজনের পায়ে জন্ম থেকেই ছিল জাদু, সে জন্ম থেকেই নিজেকে ফুটবল প্রতিভা হিসাবে খুঁজে পেয়েছে আর অন্যজন জন্মগত এত বেশি প্রতিভার অধিকারী না হলেও নিজের ঘাম, কষ্ট ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে নিজের ভাগ্যকে নতুন করে লিখেছেন। এরা হলেন—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
তাদের দুজনের তুলনা করতে গিয়ে মানুষ প্রায়ই একটি প্রশ্ন করে—কে সেরা? কিন্তু হয়তো এই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হলো—কেন এই দুজন মানুষ কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন? কেন প্রায় সকল প্যারামিটারে মেসি এগিয়ে থাকার পরেও নতুন প্রজন্মের অনেক অনেক খেলোয়াড় রোনালদোকে নিজের আইডল মানে? এর কারণ হলো তারা আমাদের দুটি ভিন্ন গল্প ভিন্ন ভাবে বলে। একজন দেখায় ফুটবল কত সুন্দর হতে পারে আর অন্যজন বলে আপনি জন্মগত বড় প্রতিভা না হলেও আপনার পক্ষে বিশ্ব জয় করা সম্ভব।
মেসি: প্রতিভার সর্বোচ্চ সৌন্দর্য
লিওনেল মেসির যার খেলা দেখলে অনেক সময় মনে হয়, শিল্পীর তুলিতে আঁকা কোন নিখুঁত শিল্পকর্ম, ফুটবল যেন তার সাথে কথা বলে ফুটবলই যেন তার স্বাভাবিক ভাষা। নিখুঁত ড্রিবলিং, নিখুঁত পাস, অসাধারণ ভিশন, স্কোরিং ক্ষমতা, বল নিয়ন্ত্রণ, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে পথ তৈরি করা তাকে খেলার মাঠে অনন্য করে তোলে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এমন গুণ, যা সাধারণত শেখানো যায় না।
মেসি দেখিয়েছেন, একজন মানুষ যখন অসাধারণ প্রতিভা নিয়ে জন্মায় এবং সেই প্রতিভাকে সঠিক পরিবেশ, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে বিকশিত করে, তখন তার ফলাফল কতটা বিস্ময়কর ও সুন্দর হতে পারে। তিনি প্রমাণ করেছেন, প্রতিভা যখন পরিশ্রমের সঙ্গে মিলিত হয়, তখন তা ইতিহাস তৈরি করে।
রোনালদো: নিজের সীমাকে অতিক্রম করার গল্প
কিন্তু পৃথিবীর সব মানুষ তো মেসির মতো জন্মগত প্রতিভা নিয়ে জন্মায় না।কিছু মানুষ জন্মায় অতি সাধারণ প্রতিভা নিয়ে, কিন্তু তাদের মনে জেদ থাকে কিছু করে দেখানোর, তারা পরিশ্রম করে নিজেকে প্রমাণ করার জন্য আর ঠিক এখানেই ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প এত বিশেষ।
রোনালদো সেই মানুষদের প্রতিনিধি, যারা বিশ্বাস করতে চায়—জন্মের শুরুটা হয়তো সবার এক রকম নয়, কিন্তু শেষটা নিজের পরিশ্রম দিয়ে বদলে দেওয়া যায়। তিনি দেখিয়েছেন, শরীর, দক্ষতা, মানসিকতা—সবকিছু নিজের পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে উন্নত করা সম্ভব। তিনি প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। যখন কেউ তার সীমা দেখিয়েছে, তিনি সেই সীমাকেই নতুন লক্ষ্য বানিয়েছেন।
এই কারণেই পৃথিবীর অসংখ্য মানুষ রোনালদোকে শুধু একজন ফুটবলার হিসেবে নয়, একটি আদর্শ হিসেবে দেখে।
কারণ বেশিরভাগ মানুষ মেসির মতো প্রতিভা নিয়ে জন্মায় না। কিন্তু রোনালদো তাদের স্বপ্ন দেখায়, একজন মানুষের পরিশ্রম কি করে সর্বোচ্চ প্রতিভাকেও চ্যালেঞ্জ জানাতে পারে।
কেন অনেকে মেসিকে সেরা মনে করে?
অনেক ফুটবলপ্রেমীর কাছে মেসি সেরা, কারণ তার খেলার মধ্যে এমন এক স্বাভাবিক সৌন্দর্য আছে যা খুবই বিরল। তিনি এমন কিছু করেন, যা দেখে মনে হয়—এটা শুধু খেলা নয় এটা একটা শিল্প।
মেসি আমাদের দেখান, একজন মানুষের ভেতরে থাকা অসাধারণ প্রতিভা কত সুন্দরভাবে প্রকাশ পেতে পারে।
কেন অনেকে রোনালদোকে নিজের আইডল মানে?
কারণ রোনালদোর গল্প সাধারণ মানুষের গল্প। পৃথিবীর বেশিরভাগ মানুষ হয়তো জন্মগতভাবে অসাধারণ প্রতিভাবান নয়। কিন্তু তারা স্বপ্ন দেখতে পারে, চেষ্টা করতে পারে, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারে। রোনালদো তাদের মনে বিশ্বাস তৈরি করেন যে তারাও চেষ্টা করলে পারবে। তখনই তাদের মনে রোনালদো হয়ে ওঠে হিরো। তারা বিশ্বাস করতে শুরু করে-
"আমি হয়তো সবচেয়ে প্রতিভাবান নই, কিন্তু আমি নিজের সর্বোচ্চটা দিয়ে প্রতিভাকে চ্যালেঞ্জ জানাতে পারি।"
আসলে লড়াইটা কিন্ত প্রতিভা বনাম পরিশ্রমের নয়
মেসি এবং রোনালদোর গল্পকে শুধু প্রতিভা বনাম পরিশ্রম বললে পুরো সত্য বলা হয় না। কারণ মেসিও ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেন। আবার রোনালদোরও ছোট বেলায় বেশ ভালো প্রতিভার অধিকারী ছিলেন। তবে পার্থক্য হলো—তাদের গল্প মানুষকে অনুপ্রাণিত করে দুইটি ভিন্নভাবে।
মেসি শেখান, নিজের প্রতিভাকে খুঁজে বের করে সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে। রোনালদো শেখান, নিজের সীমাবদ্ধতাকে অজুহাত না বানিয়ে লড়াই করতে।
একজন দেখান, ঈশ্বরপ্রদত্ত প্রতিভা কত সুন্দর হতে পারে। আরেকজন দেখান, একজন মানুষ নিজের ইচ্ছাশক্তি দিয়ে কত দূর যেতে পারে। এই কারণেই আধুনিক ফুটবল শুধু একজন মহানায়ক পায়নি, পেয়েছে দুই ধরনের দুই মহানায়ক।
মেসি হলো সেই মানুষ যাকে মানুষ ভালোবাসে, অসাধারণ প্রতিভা বলে স্বীকৃতি দেয়, তার খেলা উপভোগ করে কিন্তু মেসির মধ্যে নিজেকে খুজে পায় না। কিন্তু অন্যদিকে রোনালদোর মধ্যে মানুষ নিজেকে খুঁজে পায়, রোনালদোর মত হতে চায়। তারা ভাবে আমি যদি পরিশ্রম করে যাই আমাকে দিয়েও সম্ভব।