×
হোম আন্তর্জাতিক জাতীয় খেলাধুলা জীবনযাপন চাকরির খবর তথ্যকোষ ই-ম্যাগাজিন
অনলাইন টুলস
টাইপিং টেস্ট CV মেকার ফটো রিসাইজার Age ক্যালকুলেটর AI কন্টেন্ট ডিটেক্টর প্লাজিয়ারিজম চেকার অন্যান্য টুলস লগইন

নেপালের ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৫০০, নিখোঁজ দেড় হাজারের বেশি; উদ্ধার অভিযান চলছে

বিদেশ বার্তা | উপমহাদেশ | ২৮ আগস্ট, ২০২৬
News Image

নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পরিস্থিতি এখন ভয়াবহ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নেপালে অন্তত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। চীনের তিব্বত অঞ্চলে আরও ৩ জন নিহতের হওয়ার খবর পাওয়া গেছে। দুই অঞ্চলে মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

গত ২৬ আগস্ট হিমালয়ের একটি হিমবাহ ধসে নদীর গতিপথে বিপুল পরিমাণ পানি, বরফ, পাথর ও কাদার প্রবাহ তৈরি হয়। মুহূর্তের মধ্যে সেই প্রবল স্রোত সীমান্তবর্তী জনপদ, সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা ভাসিয়ে নিয়ে যায়। নেপালের রাসুয়া, নুয়াকোট ও আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। নেপাল সরকারের সর্বশেষ বিস্তারিত তালিকায় ২৭ আগস্ট পর্যন্ত ৩৩ দেশের ৫৯৬ জন বিদেশি নাগরিক নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল, যদিও উদ্ধার অভিযান চলার কারণে এই সংখ্যা পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে ভারতীয় নাগরিকদের নিখোঁজ হওয়ার সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে।

উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী কাজ করছে। হেলিকপ্টার, ভারী যন্ত্রপাতি এবং অন্যান্য উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান চালানো হচ্ছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা, ভেঙে যাওয়া সড়ক-সেতু এবং নতুন করে বন্যার আশঙ্কা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে। নদীর উজানে ধ্বংসাবশেষ জমে তৈরি হওয়া একটি হ্রদ নিয়েও নতুন বিপদের সতর্কতা দেওয়া হয়েছে।

প্রতিবেশী ভারত দ্রুত ত্রাণ সহায়তা পাঠিয়েছে। ভারত নেপালে কয়েক দফায় খাদ্য, ওষুধ, জরুরি সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা পাঠিয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় উদ্ধারকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে।

বাংলাদেশও নেপালের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে, যার মধ্যে তাঁবু, মশারি, শুকনো খাবার, টর্চলাইট, কোদাল, স্লিপিং ব্যাগ, পানির পাত্র ও বডি ব্যাগ রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তা ঘোষণা করেছে। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রেড ক্রসসহ বিভিন্ন সংস্থাও জরুরি চিকিৎসা ও ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে। তবে নেপাল সরকার জানিয়েছে, বর্তমানে বিদেশি উদ্ধারকারী দল মোতায়েনের পরিবর্তে নিজেদের নিরাপত্তা ও উদ্ধারকারী সংস্থাগুলোর মাধ্যমেই অভিযান পরিচালনা করতে চায়। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে।

0 লাইক

আপনার মতামত দিন

মন্তব্য করতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।