মেসির সম্মানে ১০ মিনিটে খেলা থামবে, চলবে এক মিনিটের করতালি
ফুটবল ডেস্ক: ফুটবলের মাঠে এবার এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে আর্জেন্টিনা। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সম্মানে দেশটির বিভিন্ন ক্যাটাগরির সকল ফুটবল ম্যাচে খেলার ১০ মিনিট পূর্ণ হলে সাময়িকভাবে খেলা বন্ধ রাখা হবে। এরপর পুরো এক মিনিট করতালির মাধ্যমে আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে শ্রদ্ধা জানানো হবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুষ ও নারী ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি ফুটসাল এবং বিচ ফুটবল ম্যাচেও এই শ্রদ্ধা প্রদর্শনের আয়োজন করা হবে।
১০ মিনিটে খেলা থামানোর সিদ্ধান্তের পেছনেও রয়েছে বিশেষ তাৎপর্য। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে থাকা ১০ নম্বর জার্সিকেই স্মরণ করতেই ম্যাচের ১০তম মিনিট বেছে নেওয়া হয়েছে। মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা এক মিনিট করতালির মাধ্যমে এই ফুটবল মহাতারকাকে সম্মান জানাবেন।
স্টেডিয়ামে বড় পর্দার ব্যবস্থা থাকলে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও প্রদর্শনেরও পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের পর তাঁর দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ।
ফুটবলপ্রেমীদের কাছে মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি যুগের নাম। তাই ১০ নম্বরের সম্মানে ১০ মিনিটে খেলা থামিয়ে এক মিনিটের করতালি—আর্জেন্টিনার ফুটবল মাঠে এবার সেই কিংবদন্তিকে জানানো হবে হৃদয়ছোঁয়া বিদায়ী শ্রদ্ধা।